পুলিশ সপ্তাহ-২০২৬ ক্রীড়া প্রতিযোগিতায় তিন ইভেন্টে চ্যাম্পিয়ন কনস্টেবল ইয়ামিনকে সিএমপির সম্মাননা

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল/৫৫৫৫ মো. ইয়ামিনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, কর্মোদ্যম ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পুলিশ হেডকোয়ার্টার্স। এরই ধারাবাহিকতায় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন কনস্টেবল মো. ইয়ামিন।

প্রতিযোগিতায় তিনি ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার দৌড়—এই তিনটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গত ৯ মে ২০২৬ তারিখে তাঁকে পুরস্কৃত করেন।

অদ্য ৮ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী তাঁকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।

এ সময় সিএমপি কমিশনার কনস্টেবল ইয়ামিনকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

কনস্টেবল ইয়ামিনের এই অসাধারণ অর্জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের জন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।