চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জয়নাল (২৫) ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।