এবারো ৬ ঘণ্টায় চট্টগ্রাম শহরের কোরবানির বর্জ্য অপসারণ করে রেকর্ড

এবারো  চট্টগ্রাম মহানগরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম মাত্র ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে আয়োজিত এক  ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। মেয়র জানান, দুপুর ২টা থেকে শুরু হওয়া কোরবানির বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই শেষ করা হয়েছে।

তিনি বলেন, সকাল ৯টা থেকেই তিনি নিজে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন। এ কাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২০০ পরিচ্ছন্নকর্মী অংশ নেন। ব্যবহৃত হয়েছে ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডারসহ মোট ৩৭৯টি যানবাহন। শ্রমিকরা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেছেন।

মেয়র আরও জানান, কোরবানির স্থানগুলোতে তাৎক্ষণিকভাবে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ার কন্ট্রোল রুমে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। সেসব এলাকার বর্জ্য অপসারণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অনেকে কোরবানির পরদিন পশু জবাই করেন, সেসব বর্জ্যও অপসারণ করছে চসিক।

কোরবানির দিন সন্ধ্যার পরেও কোথাও পশুর বর্জ্য পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

I prefer this response