চসিকে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, আওতায় ৩ লাখের বেশি শিশু

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার নগরীর মেমন-২ চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

চসিক সূত্রে জানা যায়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নগরীর ৭টি জোনের ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪৮টি স্থায়ী, ২০৫টি অস্থায়ী, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন পরিচালিত হবে। প্রতিদিন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. তপন কুমার, ডা. খাদিজা আহমেদ ও ডা. আব্দুল মজিদ শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধনে উৎসাহিত করা হলেও নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাদ পড়া শিশুদের খুঁজে টিকার আওতায় আনা হবে।

চসিক জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুত, গণসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, ইপিআই, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।