কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
অভিযানকালে ট্রাক দুটির চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।