জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মুজিবুল হক চৌধুরী (৫৬) বাঁশখালীর ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয় বহির্ভূত ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইনে দণ্ডনীয় অপরাধ করেছেন।
আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তাকে ৭ বছরের কারাদণ্ড ও ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, আসামি তার আয়কর নথিতে প্রদর্শিত আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, তার মোট অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা হলেও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১ কোটি ২১ লাখ ২৭ হাজার ৮১৮ টাকা। এতে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২৫ সালের ৩ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকি দেওয়ার ঘটনায়ও আলোচনায় এসেছিলেন এই সাবেক ইউপি চেয়ারম্যান।