চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, জনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি জনসেবায় জবাবদিহি, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী এই পরিদর্শনে জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। ভূমি সংক্রান্ত সেবা নির্ধারিত সময়ের মধ্যে এবং হয়রানিমুক্ত পরিবেশে নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, “প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন আমরা মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারি।”
তিনি আরও বলেন, একসময় সরকারি সেবার প্রতি মানুষের আস্থা কমে গেলেও সম্মিলিত প্রচেষ্টায় তা ফিরে এসেছে, এবং এই আস্থা ধরে রাখা সকলের দায়িত্ব। উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত মান নিশ্চিত করে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।
দিনের শুরুতে তিনি মিরসরাই থানা পরিদর্শন করেন। সেখানে থানার বিভিন্ন রেজিস্টার, ক্রাইম ম্যাপ ও নথিপত্র পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন। জিআর ও সিআর সংক্রান্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।
পরে তিনি মিরসরাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার নির্দেশনা দেন এবং পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন জেলা প্রশাসক। তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, হয়রানিমুক্ত পরিবেশ এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।
মিরসরাই পৌরসভা পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন দুর্গাপুর ইউনিয়ন থেকে কাটাছড়া ইউনিয়ন পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। কাজের অগ্রগতি ও নির্মাণমান যাচাই করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমান গ্রহণযোগ্য হবে না।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস ও বাস্কেটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় জনগোষ্ঠী সরকারি সেবার ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসহ সব খাতে সেবা প্রদানে মানবিকতা নিশ্চিত করতে হবে। “কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব।”
তিনি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।