সন্দ্বীপকে হারিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন ইসহাক কাদের একাদশ

৪ উইকেটের জয়ে ২ লাখ টাকা প্রাইজমানি, জমজমাট ফাইনাল শেষে হাজারো দর্শকের অংশগ্রহণে অ্যাশেজসহ জনপ্রিয় ব্যান্ডের কনসার্ট

১

 

চট্টগ্রামে জমজমাট ফাইনাল, টানটান উত্তেজনা ও দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের। মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শিরোপা জয়ের পাশাপাশি দলটি পেয়েছে ২ লাখ টাকা প্রাইজমানি। রানার্সআপ সন্দ্বীপ ক্রিকেট একাডেমি পেয়েছে ১ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে তিনি ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তী উপস্থিত ছিলেন।

ব্যাটে-বলে জমজমাট ফাইনাল

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৩ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে তারিক রহমান সর্বোচ্চ ৩৫ রান করেন। মাসুম উদ্দিন ২৫ এবং এ কে রানা ২২ রান যোগ করেন।

ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন সামশুদ্দীন বাপ্পা। ২৪ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। এ ছাড়া ইফরান হোসাইন ১৫ রান এবং সাজ্জাদ হোসাইন ২৮ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। আবদুল্লাহ জিসান ৪১ বলে ৪৪ এবং তুহিন ২৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

শেষ দিকে সাজ্জাদ হোসাইনের বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে ওঠে। মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির হয়ে রানা ও রাতুল ইরফান ২টি করে উইকেট নেন।

খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের আহ্বান ডা. শাহাদাতের

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে হার-জিত মেনে নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। ফুটবলের পর ক্রিকেটের এমন জমজমাট টুর্নামেন্ট আয়োজন করায় তিনি দেশ রক্ষা তারেক মঞ্চকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যত বেশি হবে, তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে তত বেশি উজ্জীবিত হবে। খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ করা সম্ভব।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম ও হাবিবুর রহমান চৌধুরীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত পুরস্কারেও চ্যাম্পিয়ন দলের আধিপত্য

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেনসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ জিসান। পুরো আসরে তাঁর সংগ্রহ ২৩৯ রান। বল হাতে ১২ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার জিতে নেন একই দলের সাজ্জাদ হোসাইন। ফাইনালে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন তিনি।

চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশকে ট্রফিসহ ২ লাখ টাকা এবং রানার্সআপ সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ট্রফিসহ ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়।

কনসার্টে হাজারো দর্শকের উচ্ছ্বাস

ক্রিকেটের শিরোপা নির্ধারণী লড়াই ও পুরস্কার বিতরণী শেষে শহীদ শাহজাহান মাঠ পরিণত হয় সংগীতপ্রেমীদের মিলনমেলায়। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট।

কনসার্টে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্সসহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। প্রিয় শিল্পী ও ব্যান্ডের পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ফাইনাল, পুরস্কার বিতরণী এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান পরিণত হয় ক্রীড়া ও বিনোদনের এক মিলনমেলায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.