আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী নটুর

৬

চট্টগ্রাম:  আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নটু মিত্র আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হিমাংশু মিত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.