প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর কফিনে সিইউজে, প্রেসক্লাব ও বিএফইউজের শ্রদ্ধা

৬

চট্টগ্রাম:   চট্টগ্রাম প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য,  সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ,  সুলতান আহমেদ আশরাফীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল-আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর ও সহযোগী সম্পাদক রাশেদ রউফ, জ্যেষ্ঠ সাংবাদিক নিযাম উদ্দিন ও সাইফুদ্দিন খালেদ এবং দৈনিক আজাদীর সহসম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা।

গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান আহমেদ আশরাফী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, সহকর্মী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান আহমেদ আশরাফী তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক আজাদীতে সাংবাদিকতা করেছেন। পত্রিকাটিতে তিনি সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে তিনি সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের শূন্যতা সৃষ্টি হলো।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.