দক্ষিণ খুলশীতে অভিযান, হাসিনা মহিউদ্দিন ও ডা. সেলিম আটক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খুলশী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে ডা. সেলিম ও হাসিনা মহিউদ্দিনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় ডা. সেলিমের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা নির্দিষ্ট কোনো মামলার কথা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নগরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেড’-এ অভিযান চালায় পুলিশ। ডা. সেলিম পেশাগত জীবনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবটির নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডা. সেলিম আকতার চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী। হাসিনা মহিউদ্দিন প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.