সর্বস্থেরের মানুষের অংশগ্রহণে রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজা ও দাফন সম্পন্ন

১

চট্টগ্রামের রাউজানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গহিরায় গ্রামের বাড়ির সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, আওয়ামীলীগ সহ   সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোটনের জানাজাকে কেন্দ্র করে রাউজান থানা পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। জানাজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিবেশী ও স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বৈঠক করে সবার প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পাননি। পরে ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন গত শনিবার ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ দেশে আনা হয়।

এরপর রাতে তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হয়। ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের বাধার কারণে তা অনুষ্ঠিত হয়নি। পরে সোমবার সকালে রাউজানের গ্রামের বাড়িতে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.