চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান, ইউরিয়াসহ ২ পাচারকারী আটক

মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব বস্তায় মোট ৩০ হাজার কেজি ইউরিয়া সার ছিল। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক দুই পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.