সাতকানিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, মাদকসম্রাট আরমান-রুবেলকে গ্রেফতারের দাবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে কথিত মাদকসম্রাট আরমান ও তার সহযোগী রুবেলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমীর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহবুব, মোজাম্মেল হক, মাস্টার ইমরান হোসাইন, মোহাম্মদ ইদ্রিস, সাংবাদিক ইমরান সোহেল, মো. ইউছুপ, সেলিম উদ্দিন, আজগর আলী, আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল কাশেম, ইউনুস, মোহাম্মদ আলী, আহত কামাল উদ্দিন, শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তারের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
মানববন্ধন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকায় মাদকের বিস্তার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। একই সঙ্গে আরমান ও রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.