২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরব।’
রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে আসায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এখন বিএনপির হাইকমান্ড রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কাকে মনোনয়ন দেয়, সেটিই দেখার বিষয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.