মশা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি জনসচেতনতা জরুরি : ঢাকায় মেয়র শাহাদাত

ঢাকা, ১ জুলাই: মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধনের ওষুধ প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রোজেক্ট (আইইউপিএইচপিএসপি)’-এর অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকৃত বিটিআই ব্যবহার করে মশা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, “মশা নিয়ন্ত্রণে থেরাপিউটিক সলিউশন হিসেবে একদিকে যেমন মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, তেমনি প্রিভেনটিভ সলিউশন হিসেবে ব্যাপক গণসচেতনতা তৈরি করা জরুরি।”

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নগরবাসী, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে একটি সহনশীল নগর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোতে নগর স্বাস্থ্যসেবার প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে অর্জন, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।

বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ও টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ প্রকল্পের বিভিন্ন সাফল্য ও তথ্য-উপাত্ত তুলে ধরে নগর জনস্বাস্থ্যে টেকসই অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি), যুগ্ম সচিব পরিমল সরকার, উপসচিব রবিউল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ ও পরামর্শকরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.