নাগরিক সেবা দ্রুততর করতে ছাড়পত্র ও নকশা অনুমোদনে স্বচ্ছতা বৃদ্ধির নির্দেশ, অবৈধ ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযানের ঘোষণা।

ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে জরুরি বৈঠক করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একইসঙ্গে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নকশাবহির্ভূত ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হয়। নাগরিকদের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “নগর উন্নয়নের গতি বজায় রাখতে এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত সময়ে পৌঁছে দিতে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব পরিহার করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণ ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণ ও নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। নগরের সৌন্দর্য, পরিবেশ ও নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো স্থাপনার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আইন ও বিধিমালা অনুসরণ করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণকে চউকের অন্যতম অগ্রাধিকারমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। চউকের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, নগর উন্নয়ন কমিটির প্রধান, প্রধান পরিকল্পনাবিদ, অথরাইজড অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.