মায়ের জানাজায় ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই অংশ নিলেন আইয়ুব বাবুল

চট্টগ্রামের পটিয়ায় মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার রাতে পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ চত্বরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মায়ের মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে পুলিশের কঠোর পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আইয়ুব বাবুলকে পটিয়ায় আনা হয়। রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জানাজার সময় আইয়ুব বাবুলের এক হাতে হাতকড়া ছিল।

জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশে আইয়ুব বাবুল বলেন, “আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন, আমি খুবই কৃতজ্ঞ। আমি মায়ের সেবা করতে পারি নাই, এটা আমার বড় দুঃখ। সরকারি প্রটোকলে আমি আসছি। কেউ কোনো স্লোগান ইত্যাদি দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু দেরি হয়ে গেছে, আমি সবার কাছে মাফ চাইছি।”

পরে পটিয়া পৌর সদরের পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল মায়ের জানাজায় অংশ নেন। এসময় নিয়ম অনুসারে পুলিশ পাহারা ছিল এবং তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।”

জানা গেছে, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.