অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন সহ নানা অনিয়মে চট্টগ্রামে  মধুবন সুইটসকে ১৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে বিভিন্ন অনিয়মের দায়ে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, র‌্যাব-৭, ব্যাটালিয়ন আনসার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

অভিযানকালে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, উৎপাদনস্থলে বিভিন্ন পোকামাকড়ের অবাধ বিচরণ, নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বর্জ্য পদার্থ সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহার, খাদ্য স্পর্শক হিসেবে খোলা কাগজ ও খবরের কাগজের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ না করা।

এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিশুদ্ধ খাদ্য আদালত ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.