চট্টগ্রাম বন্দরের এনসিটির ক্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে; গঠন করা হয়েছে তদন্ত কমিটি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

সোমবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এনসিটির একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে টার্মিনাল এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা দিলে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিকেল সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে আশপাশে থাকা কয়েকটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, এনসিটির একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুন লেগেছিল। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সরকারি ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে এসে সহায়তা করে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পরও এনসিটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপারেশনাল বিঘ্ন ঘটেনি।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.