কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামে স্কুলছাত্র নিহত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠানে সড়ক দুর্ঘটনায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিএবি সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানি বড় উঠান ৯ নম্বর ওয়ার্ডের মৌলভী বাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানি বাইসাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। পথে বড় উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-২৭২৪) তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা হারানো সানি দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। তার বড় ভাই প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। একমাত্র ছোট ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.