চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি সেলিম মো. জানে আলম, এক বছরের চুক্তিতে নিয়োগ
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর তিনি চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার গত ৩০ অক্টোবর ২০২৪ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে পদ থেকে অপসারণ করে।
প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে মোট আটবার নিয়োগ পেয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.