পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। শুধু খাদ্যশস্য বা নগদ অর্থ বরাদ্দ দিয়ে উন্নয়ন সম্ভব নয়; মানুষের ভাগ্যের পরিবর্তনে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণ জরুরি।
সোমবার (১৮ মে) বিকেলে ঢাকার বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কমপ্লেক্স ভবনের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত এপ্রিল মাসের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাঁদা ছোড়াছুড়ি বা একে অপরকে দোষারোপ করে উন্নয়ন সম্ভব নয়। অতীতের হিসাব টেনে বর্তমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত না করে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারের বরাদ্দকৃত অর্থের প্রতিটি কাজের মধ্যে জবাবদিহিতা থাকতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গতি ও দায়বদ্ধতার বিকল্প নেই। প্রতিটি খাত এখন শক্তভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা, আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্প গ্রহণ করতে হবে। পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
সভায় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এডিপিতে মোট ৮৭২ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে জিওবি খাতে ৭৩৯ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকা এবং পিএ খাতে ১৩২ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ৪১০ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা ছাড় করা হয়েছে, যা মোট বরাদ্দের ৪৭ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৪৩ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা, যা মোট বরাদ্দের ৩৯ দশমিক ৪ শতাংশ।
সভায় পার্বত্য এলাকায় তুলা চাষ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মোহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অনুপ কুমার চাকমা, থানজামা লুসাই, কাজল তালুকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.