চট্টগ্রামে পৃথক অভিযানে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের পৃথক দুই অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার নগরের পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয় নগরের পাঁচলাইশ থানাধীন হানজারবাগ জিলানী গলি এলাকায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আছান উল্লাহর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকায়।

একইদিন রাতে হাটহাজারী থানাধীন আলিপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাহিদুল ইসলামের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা দুজনই ফেনী জেলার পরশুরাম থানার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.