ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমস হাউসের অফিস স্পেস ভাড়া চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অফিস স্পেস ভাড়ার লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও কাস্টমস হাউস, চট্টগ্রামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস স্পেস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়া দেওয়া হবে।

চুক্তিতে চেম্বারের পক্ষে প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং কাস্টমস হাউস, চট্টগ্রামের পক্ষে কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষর করেন। আগামী ১ জুলাই থেকে কাস্টমস হাউসের কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকেই পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন। বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা শেখ আবু ফয়সাল মো. মুরাদ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যরা।

উল্লেখ্য, নতুন ভবন নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাস্টমস হাউস, চট্টগ্রামের দাপ্তরিক কার্যক্রম অস্থায়ীভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরিচালিত হবে। আন্তর্জাতিক মানের এই ২৪ তলা ভবনে আধুনিক সুবিধা, কনফারেন্স হল, সেমিনার হল, পর্যাপ্ত পার্কিং, সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং, বিদ্যুৎ ব্যাকআপ ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক ও সেবা সুবিধা চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.