সীতাকুণ্ডে ইউপি মেম্বার পদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, টমেটো ক্ষেত থেকে যুবদল কর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জেরে সজিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের আমতলী এলাকার একটি টমেটো ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি নানার বাড়ি মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী আমতলী এলাকায় বসবাস করতেন। সজিব স্থানীয় যুবদল নেতা ও মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের দারোয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় ইফতারের পর আলিমের দোকানের সামনে গিয়ে আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে শাহাবুদ্দিনের দারোয়ান সজিব নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় রাতে সজিবের ভাই রাকিব সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরদিন বুধবার সকালে গুপ্তখালী গ্রামের একটি সবজি ক্ষেত থেকে সজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে আবদুল আলিম ও শাহাবুদ্দিনের। মূলত এ নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আলিমের স্ত্রী তাহমিনা আক্তার দাবি করেন, তার স্বামী সহজ-সরল মানুষ। ইউনিয়ন পরিষদে চাল বিতরণ চলাকালে সেখানে গেলে শাহাবুদ্দিন তার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, “আমার স্বামী বলেছিল ভবিষ্যতে নির্বাচন করবে, তাই দেখতে এসেছে। পরে ইফতারের পর কয়েকজন যুবক চারটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আমার স্বামীকে তুলে নেওয়ার চেষ্টা করে।”
সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বেলাল বলেন, “মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.