সিএমপির অভিযানে বড় সাজ্জাদ গ্রুপের ৩ সহযোগী গ্রেফতার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চকবাজার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন ওরফে ইমনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে একটি বিদেশি রিভলভার (থ্রি-টু বোর) ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি সিএমপির পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, আব্দুল কাইয়ুম চৌধুরী বহদ্দারহাটে সংঘটিত আলোচিত ৮ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ব্রাজিলিয়ান টরাস (৯ এমএম) পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনির নামে আরেক সহযোগীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত পিস্তলটি সিএমপির ডবলমুরিং থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
পরবর্তীতে মনিরের দেওয়া তথ্য অনুযায়ী ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী সায়েমকে গ্রেফতার করা হয়। সায়েমের দেখানো মতে খুলশী থানা এলাকা থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব অস্ত্র খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে কেনা হয়েছিল।
পুলিশ জানায়, মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সবাই শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য।
এছাড়া আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছ থেকে সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য নিয়োগ সংক্রান্ত শপথ গ্রহণের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, উদ্ধার করা তিনটি অস্ত্র সম্প্রতি চন্দনপুরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় ব্যবহৃত হয়েছিল। বিষয়টি ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
সিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের সহযোগীদের ধরতে এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত আলামত:
১টি বিদেশি রিভলভার (থ্রি-টু বোর) ও ৯ রাউন্ড গুলি
১টি ব্রাজিলিয়ান টরাস (৯ এমএম) পিস্তল
১টি এসএমজি, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি
১টি মোটরসাইকেল
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.