Recover your password.
A password will be e-mailed to you.
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা বর্ষণের মধ্যে পাহাড়ধসে বসতঘর চাপা পড়ে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটার ডেবলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৫) এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দাদের জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণকাজের সময় মহছনিয়াকাটা এলাকায় ব্যাপকভাবে পাহাড় কাটা হয়েছিল। ওই এলাকার অবশিষ্ট টিলার পাদদেশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন স্থানীয় কয়েকটি পরিবার।
প্রতিদিনের মতো বুধবার রাতেও আবদুল মজিদ ও মোহাম্মদ কাজল নামে দুই ভাইয়ের পরিবার একই বসতঘরে ঘুমিয়ে ছিলেন। টানা তিন দিনের ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে রাত একটার দিকে পাহাড়ের একটি বড় অংশ ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.