এবার  মার্কেন্টাইল ব্যাংকের চেকের মামলায় রিজেন্ট টেক্সটাইলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড

১

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার দায়ের করা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে চেকের সমপরিমাণ অর্থাৎ মোট চার কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ঋণের বিপরীতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখাকে চার কোটি টাকার একটি চেক দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

পরে ব্যাংকের পক্ষে আইনজীবী নুসরাত আরা হিরা ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের কাছে আইনি নোটিশ পাঠান। ৭ সেপ্টেম্বর তাঁরা নোটিশ গ্রহণ করলেও চেকের অর্থ পরিশোধ করেননি। এ ঘটনায় ২০২৩ সালের ১৭ অক্টোবর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৬-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। দায়রা মামলা নম্বর ৩৮১৯/২০২৪-এর অধীনে ২০২৪ সালের ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২৬ সালের ২ মার্চ সাক্ষ্যগ্রহণ এবং ২১ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ২৬ নভেম্বর এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাঁরা পলাতক থাকায় আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজা কার্যকর হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.