আনোয়ারায় মেয়ের গলায় ছুরি ধরে ঘরে বাবার অবস্থান, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার
চট্টগ্রাম: আনোয়ারায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন বাবা মো. নাছির উদ্দিন (২৮)। একপর্যায়ে মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে বাবা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওসমান কলোনিতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, নাছির ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসাও চলছিল। তবে গত চার মাস ধরে ওষুধ সেবনের মাত্রা কমিয়ে দেওয়ার পর তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
সোমবার সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন নাছির। স্বজনেরা দীর্ঘ সময় ধরে তাঁদের বের করে আনার চেষ্টা করেন। কিন্তু দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন তিনি। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন।
এ অবস্থায় ঘরের ভেতরে প্রবেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের একটি বসতঘরের টিনের চাল খুলে ওই কক্ষে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাবা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, তাঁর ভাইয়ের চিকিৎসার ইতিহাস রয়েছে। ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর থেকেই তাঁর আচরণে পরিবর্তন দেখা যায়। খবর পেয়ে বাড়িতে এসে ভাই ও ভাতিজিকে ঘরের ভেতরে আটকে থাকতে দেখেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিরের হাতে ছুরি দেখতে পায়। তিনি মেয়েকে ঘর থেকে বের হতে দিচ্ছিলেন না এবং কাউকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধারের পর নাছিরকে থানায় নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাঁকে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.