দুর্গাপূজার নিরাপত্তায় সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী
চট্টগ্রাম: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে উদার, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ অনন্য। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের সমমর্যাদায় বিশ্বাসী। দুর্গাপূজায় শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের মণ্ডপভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করে দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে বিশেষ টিম গঠন করা হবে। প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভিন্ন পথে চললে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোরছালিন।
সভায় বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় চট্টগ্রাম মহানগর ও সীতাকুণ্ড এলাকার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.