সরকারি নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামে অভিযান, ৮টার মধ্যে দোকান বন্ধের আহ্বান

চট্টগ্রাম: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম নগরীতে তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় বুধবার রাতে নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৃথকভাবে এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড় সংলগ্ন ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে তদারকি করা হয়। পরে রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার, শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন দোকানে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শপিং কমপ্লেক্সগুলোর দোকান মালিক, ম্যানেজার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলেন। সরকার ঘোষিত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।

এ সময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তবে এদিনের অভিযানে কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক ও তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.