সিএমপির ‘ওপেন হাউজ ডে’: সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনারের
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপি কমিশনার উপস্থিত সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়, ‘ওপেন হাউজ ডে’-তে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়েছেন। এ সময় তারা পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেবাপ্রত্যাশী নগরবাসী উপস্থিত ছিলেন।
সিএমপির এ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের পাশাপাশি পুলিশি সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.