চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হককে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ডবলমুরিং থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বিদেশ যাওয়ার সময় সৈয়দ মাহমুদুল হককে আটক করে। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরদিন ১৪ আগস্ট ডবলমুরিং মডেল থানার পুলিশ তাকে চট্টগ্রামে নিয়ে আসে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ আলম (৪৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে সৈয়দ মাহমুদুল হককে ১৪৯ নম্বর আসামি করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার সময় আসামিরা লাঠিসোঁটা, লোহার রড, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। একপর্যায়ে গুলিতে মোহাম্মদ আলম মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে তাকে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে সৈয়দ মাহমুদুল হকের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তাকে বিদেশ গমনের সময় গ্রেপ্তারের জন্য বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (প্রশাসন), এসবি, ঢাকার কাছে চিঠিও পাঠানো হয়েছিল।
গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম মহানগর আদালতে সোপর্দ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পুলিশের সিডিএমএস পর্যালোচনায় সৈয়দ মাহমুদুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় ২০২৪ সালের ২১ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলার তথ্যও পাওয়া গেছে।
ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম জানান, মামলাটির তদন্ত চলছে। একই ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.