এনবিআরের রাজস্ব আদায়ে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকার ঘাটতি, তবু প্রবৃদ্ধি ১২.০৩%

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকার ঘাটতি হয়েছে। অর্থবছরে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা।

মঙ্গলবার  এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১২ দশমিক ০৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা।

এদিকে, অর্থবছরের শেষ মাস জুনে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৯১৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৫৪ হাজার ৫২৩ কোটি টাকা। ফলে জুন মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯২ কোটি টাকা। তবে আগের বছরের একই সময়ের তুলনায় জুন মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯০ কোটি টাকা।

অন্যদিকে, ভ্যাট খাতে ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। এতে ঘাটতি হয়েছে ২৮ হাজার ৩৭৬ কোটি টাকা।

সার্বিকভাবে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আগের অর্থবছরের তুলনায় দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.