জঙ্গল সলিমপুরে পুলিশের পানির ট্যাংকে বিষাক্ত পদার্থের অভিযোগ, ‘ইয়াসিন’সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাংক থেকে পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করে।
মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার অন্যতম আসামি হিসেবে জঙ্গল সলিমপুরের ‘ইয়াসিন বাহিনীর’ প্রধান ইয়াসিনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাতটার দিকে অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাংক থেকে পানি পান করার পর পুলিশ কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, পানি গ্লাসে ঢালার সময় তাতে সাদা ফেনা দেখা গেলেও বিষয়টি গুরুত্ব না দিয়ে কিছু পানি পান করেন পুলিশ সদস্যরা। পরে পানিতে অস্বাভাবিক গন্ধ অনুভব করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন।
পুলিশের ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে পাইপলাইনের মাধ্যমে ক্যাম্পের পানির ট্যাংকে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিয়েছে। ক্যাম্পে ব্যবহৃত পানি পাশের একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হতো।
ঘটনার পর ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ট্যাংকের অবশিষ্ট পানি ফেলে দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সীতাকুণ্ডের পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণে ছিল। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে একাধিক অভিযান চালিয়েও পুরো এলাকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি; বরং বিভিন্ন সময়ে বাহিনীর সদস্যরা হামলার মুখেও পড়েছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.