এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট, জানালো আন্তঃশিক্ষা বোর্ড
ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও ফল প্রস্তুতির কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.