চট্টগ্রাম অঞ্চলে এইচএসসিতে শতভাগ পাস ৬ কলেজে, শূন্য পাস ৩টিতে, জিপিএ-৫ কমেছে অর্ধেক, পাসের হারও নিম্নমুখী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এইচএসসি পরীক্ষা ২০২৬-এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের ছয়টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে তিনটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এ বছর সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৭ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে প্রায় অর্ধেক।
প্রাপ্ত তথ্যমতে, শতভাগ পাস করা ছয়টি কলেজের মধ্যে রয়েছে বাড়বকুন্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন, কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন এবং কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন।
এ ছাড়া রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন।
অন্যদিকে, শূন্য পাসের তালিকায় রয়েছে তিনটি কলেজ। এর মধ্যে মেরন সান কলেজ থেকে দুইজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম জেলা। এ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম অঞ্চলে এইচএসসি পরীক্ষার পাসের হার সামান্য কমেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়। এক বছরের ব্যবধানে এ সংখ্যা অর্ধেকেরও বেশি কমে যাওয়ায় ফলাফলে শিক্ষার্থীদের কৃতিত্বের হার নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.