পদ্মার প্রবল স্রোতে ভেসে গৃহবধূর মৃত্যু, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি-সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ববিতা আক্তার শামুরবাড়ি গ্রামের শরীফ সিকদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পদ্মা নদীতে কাপড় ধুতে যান ববিতা আক্তার। কাপড় ধোয়ার পর গোসল করতে নেমে পদ্মার প্রবল স্রোতে ভেসে যান তিনি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ববিতা আক্তার মৃগী রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, নিহতের মা-বাবা মাদারীপুর থেকে এসে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.