পূর্ব বাকলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম, ২৬ জুলাই: সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া এলাকার এক হাজার অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের কল্যাণই তাদের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মেয়র চেয়ারম্যান ঘাটা এলাকায় মশক নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন।
মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হক মাসুম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. তৈয়বসহ বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.