চট্টগ্রামে ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখী মেলা

ক্যান্সার মানেই মৃত্যু নয়—সঠিক চিকিৎসা ও মানসিক শক্তি থাকলে এই রোগ জয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চিকিৎসক ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত “বৈশাখী মিলনমেলা ২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, বর্তমানে ক্যান্সার চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধ ও রেডিয়েশনের সমন্বিত চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তাই ক্যান্সার মানেই জীবন শেষ—এ ধারণা ভুল। তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক শক্তি, পরিবারের সহায়তা এবং সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, দেশে অনেক ক্ষেত্রে ক্যান্সার দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে। তাই সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে পরীক্ষা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহমর্মিতারও প্রয়োজন রয়েছে।
খ্যাতনামা অনকোলজিস্ট ডা. ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার বিশেষত্ব ছিল এর উদ্যোক্তারা। মেলার প্রতিটি স্টল পরিচালনা করেন ক্যান্সার জয়ী সারভাইভার ও বর্তমানে চিকিৎসাধীন সাহসী যোদ্ধারা। তাদের হাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে সাজানো হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণের মধ্যে ছিল সারভাইভারদের স্টল, যেখানে হস্তশিল্প, পোশাক ও দেশীয় খাবার প্রদর্শন করা হয়। এছাড়া ক্যান্সার জয়ীদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ, “বিজয়ের বেশে” শিরোনামে বিশেষ ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিটেশন ও আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্ত, আইনজীবী অ্যাডভোকেট আবু মোঃ হাসেম, চিকিৎসক ডা. মাহফুজুর রহমান এবং শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।
আয়োজক ডা. ভাস্কর চক্রবর্তী বলেন, “ক্যান্সার মানেই জীবনের শেষ নয়; বরং এটি এক নতুন সাহসের শুরু। এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই—অদম্য ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব।”

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.