চট্টগ্রাম: টানা পাঁচ দিনের ভারী বর্ষণে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এসব কন্ট্রোল রুম থেকে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে থেকে জরুরি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।