বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পটিয়া বায়তুশ শরফ মাদ্রাসা মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। খতমে কোরআন শেষে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, নেতার জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন তারেক রহমানকে দীর্ঘজীবী ও সুস্থ রাখেন। তাঁর ৬২তম জন্মদিন থেকে আরও বহু জন্মদিন যেন উদযাপন করতে পারি, সেই দোয়া করছি।
তারেক রহমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী দেশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে খাল খননসহ কৃষি খাতে যেসব কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই ধারাবাহিকতায় তারেক রহমানও কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করছেন।
তিনি বলেন, কৃষিঋণ মওকুফ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও সাশ্রয়ী দোকান চালুর উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের জীবনমান উন্নয়নের চেষ্টা চলছে। পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচিতির বাইরে থাকা ব্যক্তিদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী কাজ করছেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ইদ্রিস মিয়া বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে আমরা মনে করি। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে বিএনপি পরিবারের নেতাকর্মীরা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।
পটিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পটিয়ায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার তথ্য আমাদের জানাবেন। কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড চোখে পড়লে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে ধরে প্রশাসনের কাছে তুলে দিতে হবে। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল বশর সওদাগর, জাগির হোসেন মেম্বর, মো. ফরিদ আহাম্মদ, জসিম উদ্দিন সওদাগর, আনোয়ার উদ্দিন, শহিদুল ইসলাম সাজ্জাদ, আব্দুল মাবুদ, আমানউল্লাহ বাচা, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান, আবুল কাশেম চেয়ারম্যান, এম এ কাদের, আবদুল মান্নান, শফিউল উল্লাহ, লিয়াকত রহমান, আবুল হাকিম, আমিনুল হক আমিন, সোহেল সওদাগর, রিজওয়ানুল হক, মামুন সিকদার, সেলিম মাস্টার, মীর সরওয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বায়তুশ শরফ কমপ্লেক্স, শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ও শাহ জব্বারিয়া এতিমখানা কমপ্লেক্সের পরিচালক এবং মসজিদের ইমাম মাওলানা আনিসুল আজিজ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। বিশেষ মোনাজাতে দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।