টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন
চট্টগ্রাম: ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা গেলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।
বুধবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসরাফিল খসরু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন চান। এজন্য প্রকৃত ক্রীড়া সংগঠক ও প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রেখে যোগ্যতা ও প্রতিভার ভিত্তিতে খেলোয়াড় ও সংগঠকদের মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। তাই খেলাধুলার পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
টিসিজেএ’র এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনটির উদ্যোগে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সালাহউদ্দিন এবং দৈনিক পূর্বদেশ-এর ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু। এছাড়া উপস্থিত ছিলেন টিসিজেএ’র সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলী আকবর ও সুমন গোস্বামী।
এ সময় টিসিজেএ’র যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় টিসিজেএ’র সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খেলাধুলার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।