চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি বলে জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা ও বিভ্রান্তির প্রেক্ষাপটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে তিনি বরাবরই সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রশ্নই আসে না।
তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।