যুক্তরাজ্যের অফকুয়াল নিয়ন্ত্রিত শিক্ষা বোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন)-এর নতুন প্রবৃদ্ধি বাজার হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ কিংস অ্যাওয়ার্ড প্রেস বুকে। আন্তর্জাতিক বাণিজ্যে এটি একটি গুরুত্বপূর্ণ রাজকীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যুক্তরাজ্যের মহামান্য রাজার কার্যালয় থেকে প্রকাশিত অফিসিয়াল কিংস অ্যাওয়ার্ড প্রেস বুকে গত তিন বছরে এলআরএনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাজার হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে।
গত ছয় বছরের মধ্যে এটি এলআরএনের দ্বিতীয় রাজকীয় স্বীকৃতি। এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটি ‘কুইন্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ’ অর্জন করেছিল। সর্বশেষ এই স্বীকৃতির মাধ্যমে এলআরএন যুক্তরাজ্যের সেই গুটিকয়েক প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেল, যারা ধারাবাহিকভাবে রাজকীয় সম্মান ধরে রাখতে সক্ষম হয়েছে।
এলআরএনের ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এএস/এ-লেভেল শিক্ষাক্রম ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা এলআরএনের অধীনে অধ্যয়ন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রিটিশ সনদ অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠার পর থেকে এলআরএন বিশ্বের ৫৮টি দেশে ১২ লক্ষাধিক শিক্ষার্থীকে সহায়তা প্রদান করেছে। যুক্তরাজ্যের সর্বোচ্চ স্তরের এই ব্যবসায়িক স্বীকৃতিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলআরএনের বৈশ্বিক প্রবৃদ্ধি কৌশলে বাংলাদেশের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।
এলআরএনের বাংলাদেশ প্রতিনিধি জিসিএসই প্রধান মোহাম্মদ শোয়েব বলেন, “পরপর কয়েকবার বাংলাদেশের এই স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে দেশের জন্য গর্বের। আগামীতেও এলআরএনে বাংলাদেশের বাজার আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।”