বন্ধুর শেষবার দেখা করার আকুতি, দেশে ফেরার তিন দিনের মাথায় সড়কে প্রাণ গেল বন্ধু ফারেজের

বন্ধুকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন মো. ফারেজ (২০)। বারবার ফোন করে অনুরোধ করেছিলেন, ‘তোর সঙ্গে শুধু একবার দেখা করতে চাই।’ বন্ধুর দেশে ফেরার কথা ছিল আগামী জানুয়ারিতে। কিন্তু ফারেজের অনুরোধে সব পরিকল্পনা পাল্টে ১৩ নভেম্বর ওমান থেকে দেশে ফেরেন বন্ধু মো. ইমতিয়াজ। কে জানত, সেই দেখাই হবে তাঁদের শেষ দেখা! বন্ধুর দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফারেজ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (বোর্ড অফিস) কার্যালয়ের সামনে ঈগল পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারেজ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রামিম (২১) গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারেজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার শাহাজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত রামিম একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ফারেজের বন্ধু ওমানপ্রবাসী মো. ইমতিয়াজ বলেন, ‘ফারেজ গত ৫ নভেম্বর দেশে আসে। দেশে আসার পর থেকে প্রতিদিন আমাকে ফোন দিত। বারবার বলত, তোর সঙ্গে শুধু একবার দেখা করতে চাই। আমার দেশে আসার টিকিট ছিল জানুয়ারিতে। কিন্তু ওর অনুরোধে ১৩ নভেম্বর জরুরি ফ্লাইটে দেশে চলে আসি। ও সব সময় বলত, এটা আমার সঙ্গে তোর শেষ দেখা। কথাগুলো এখন কিছুতেই মেনে নিতে পারছি না।’

ইমতিয়াজ আরও বলেন, প্রায় তিন বছর ধরে ফারেজ ওমানে ছিলেন। সেখানে তাঁর ব্যবসা-বাণিজ্যও ছিল। বছরে দুই-তিনবার দেশে আসতেন। এবার দেশে ফিরে শখ করে একটি মোটরসাইকেল কিনেছিলেন। সেই মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় ফেরার পথেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়া থেকে চট্টগ্রাম অভিমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী মিনি বাস পটিয়া বোর্ড অফিস এলাকা অতিক্রম করছিল। এ সময় চট্টগ্রাম থেকে লোহাগাড়াগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ফারেজ ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী রামিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের একজন আরোহী নিহত এবং অপরজন আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সাকায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অনুরোধে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।