চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দুপুরে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পরিস্থিতি বিবেচনায় সমুদ্রগামী নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।