সাংবাদিককে হুমকির প্রতিবাদ, বগার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

চট্টগ্রাম: বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকার কর্ণফুলী টাওয়ার প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সিনিয়র সাংবাদিককে হুমকি দেওয়া শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের ওপর সরাসরি হুমকি। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয় ও চাপ তৈরি করে এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে।
বক্তারা বলেন, কোনো সংবাদ পছন্দ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি তার প্রতিবাদ জানাতে বা গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি, ভয়ভীতি, গালাগাল কিংবা শারীরিক ক্ষতির ইঙ্গিত দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিবরণ দিয়ে তারা বলেন, গত মঙ্গলবার রাতে ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় সেখানে হট্টগোলের ঘটনা ঘটে। অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি চ্যানেল ২৪ এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।
এরপর বুধবার বিকেলে সাংবাদিক কামাল পারভেজের হোয়াটসঅ্যাপে ফোন করেন ওয়াকিল। কামাল পারভেজ ফোনটি না ধরলে পরে তাকে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় তাকে সংবাদ প্রকাশের জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার তদন্ত করে ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, ‘সন্ত্রাসীর কোনো দল নেই, অপরাধীর পরিচয় রাজনৈতিক পরিচয় দিয়ে আড়াল করা যাবে না।’ সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হলে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে।
মানববন্ধনে দৈনিক আমার দেশের ব্যুরোপ্রধান সোহাগ কুমার বিশ্বাস, যুগান্তরের সাংবাদিক এম এ কাউসার, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার ইমরান এমিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় এফ এম মিজানুর রহমান, মিনহাজুল ইসলাম, ফেরদৌস লিপি, তৈয়ব সুমন, কাজী মনজুরুল ইসলাম, দেবব্রত রায়, মেহরাজ রহমান, মিনহাজ তুহিন, জোবায়ের চৌধুরী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।