চট্টগ্রাম আদালতে ভিকটিমকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত অপু গ্রেপ্তার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এজলাসের সামনে ভিকটিম মো. নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাহাড়ী আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন প্রকাশ অপু পাহাড়ী আবাসিক এলাকায় অবস্থান করছেন। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অপু পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়ার মৃত ইউনুসের ছেলে।

এসআরবি-৭ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন প্রকাশ অপুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরি সংক্রান্ত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।